Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানে দুই অভিযানে সেনাসহ নিহত ২৭

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে দুই অভিযানে সেনাসহ নিহত ২৭

ছবি-সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি সামরিক অভিযানে ২১ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এসব অভিযানে ছয়জন নিরাপত্তাকর্মী ও কাস্টমস বিভাগের এক সরকারি কর্মকর্তাও নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সোমবার একটি প্রধান মহাসড়কে চাঁদাবাজির উদ্দেশ্যে অবৈধ চেকপোস্ট বসিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া ১১ জন সন্ত্রাসীকে প্রথম অভিযানে হত্যা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।

একই রাতে পৃথক আরেক অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে অভিহিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১০ সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। তাদের একটি কাস্টমস কমপ্লেক্সে হামলা চালানোর চেষ্টা ঠেকাতে অভিযানটি পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর দাবি, বন্দুকযুদ্ধের সময় দুই সেনা কর্মকর্তা ও আরও চার নিরাপত্তাকর্মী এবং কাস্টমস বিভাগের এক সরকারি কর্মকর্তাও নিহত হন।

এলাকায় আরও কোনো সন্ত্রাসী অবস্থান করছে কি না তা খুঁজে দেখতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করাও অভিযানের অন্যতম লক্ষ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলা বেড়েছে। এসব হামলার জন্য ইসলামাবাদ প্রতিবেশী ভারত ও আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দায়ী করে আসছে। তবে নয়াদিল্লি ও কাবুল উভয়েই পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন