Logo
Logo
×

আন্তর্জাতিক

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশিরভাগই শিক্ষার্থী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশিরভাগই শিক্ষার্থী

ছবি-সংগৃহীত

আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই স্কুলশিক্ষার্থী ও কিশোর। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেসের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সাঁও ফিলিপ শহরে ফেরার পথে ফোগো দ্বীপের একটি পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩২ জন আরোহী ছিলেন।

দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনায় বাসচালকও নিহত হয়েছেন।

কয়েকজন আহতের অবস্থা গুরুতর

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত কয়েকজনকে ফোগো দ্বীপের সাঁও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, বাসের অনেক যাত্রীই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। তবে তাদের জন্য আয়োজিত ভ্রমণটি কোনো স্কুলের আনুষ্ঠানিক আয়োজন ছিল না।

চালক নিজ উদ্যোগে আয়োজন করতেন ভ্রমণ

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসচালক নিজ উদ্যোগে প্রতিবছর এ ধরনের ভ্রমণের আয়োজন করতেন। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সূত্র: রয়টার্স, এএফপি

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন