Logo
Logo
×

আন্তর্জাতিক

নতুন অস্ত্র গোটা বিশ্বকে চমকে দেবে: ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

নতুন অস্ত্র গোটা বিশ্বকে চমকে দেবে: ইরান

ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের প্রতিরক্ষামূলক ও পাল্টা হামলার অভিযানে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিপ্লবী রক্ষীবাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন হামলা হলে যুদ্ধের ভৌগোলিক পরিসর এবং ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামে পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, ‘আমরা এমন সব অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসব, যেগুলোর সক্ষমতা একেবারেই নতুন। এতে গোটা বিশ্ব চমকে যাবে।’

ইরানের এই মুখপাত্র আরও বলেন, এবার ইরানের হামলার লক্ষ্যবস্তুও আগের মতো নাও হতে পারে। নতুন কিছু লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে, যেগুলোতে এখনো হামলা চালানো হয়নি বলে দাবি করেন তিনি।

মোহেব্বি দাবি করেন, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। তার ভাষায়, এই পরাজয় ‘ঐতিহাসিক ও অপমানজনক’। তবে যুক্তরাষ্ট্র এ পরাজয় স্বীকার করার সাহস দেখাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তার দাবি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে না পারা যুক্তরাষ্ট্রের পরাজয়ের অন্যতম প্রমাণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান প্রণালিটি বন্ধ করে দিয়েছে বলে তিনি দাবি করেন। যুক্তরাষ্ট্র তার সামরিক সক্ষমতা ব্যবহার করেও প্রণালিটি পুনরায় খুলতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর এই মুখপাত্র আরও দাবি করেন, পুরো অঞ্চলজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এসব ঘাঁটির নিরাপত্তায় বিপুল বিনিয়োগ করা হলেও ইরানের হামলার মুখে সেগুলোর কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া উপসাগরীয় অঞ্চল ও উত্তর ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কেন্দ্রগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলেও দাবি করেন মোহেব্বি। তার ভাষ্য, এসব হামলার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে মার্কিন স্থাপনাগুলো ইরানের নাগালের বাইরে নয়।

তবে ইরানের এসব দাবি ও মন্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন