Logo
Logo
×

আন্তর্জাতিক

বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে প্রাণ গেল ৮ শিক্ষার্থীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম

বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে প্রাণ গেল ৮ শিক্ষার্থীর

ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিবেগার সমুদ্রসৈকতে ডুবে পুণের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের সবার বয়স ১৬ বছর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত শিক্ষার্থীরা পুণে জেলার আলান্দির একটি বেসরকারি কোচিং সেন্টার উইনার্স অ্যাকাডেমির শিক্ষার্থী ছিলেন। ভ্রমণের জন্য তারা পুণে থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে দিবেগারে গিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, ২৫ ছেলে, ১৭ মেয়ে ও ছয় শিক্ষকসহ মোট ৪৮ জনের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে দিবেগার সমুদ্রসৈকতে পিকনিকে যায়। একপর্যায়ে আট শিক্ষার্থী সমুদ্রে নামেন। পানির গভীরতা ও স্রোতের তীব্রতা বুঝতে না পারায় তারা স্রোতে ভেসে যান।

খবর পেয়ে দিবেগারের ভাউ মারুতি সালুনখে মহাকালী ওয়াটার স্পোর্টসের মালিক ভাউ সালুনখে ও তাঁর দলের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে সাগর থেকে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চতান থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ মরদেহগুলো হেফাজতে নেয়। পরে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো বোরলি পঞ্চতানের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

নিহতরা হলেন—তন্ময় দত্তাত্রেয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোদে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্ধওয়ালকর এবং কৌস্তুভ সন্দীপ দৌন্ড।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন। নিহতদের মরদেহ আলান্দিতে ফিরিয়ে নিতে স্থানীয় প্রশাসন সমন্বয় করছে বলেও জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। কোচিং অ্যাকাডেমিকে এ ঘটনার জন্য জবাবদিহির আওতায় আনা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষা সফরের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার শিগগিরই নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করবে বলে জানান তিনি।




প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন