Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ চার স্থাপনায় হামলার দাবি হুতিদের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ চার স্থাপনায় হামলার দাবি হুতিদের

ছবি-সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ চারটি স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ৪৮ ঘণ্টায় এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে এ দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, হুতিদের সামরিক অভিযানের লক্ষ্যবস্তু ছিল রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর।

হুতিদের দাবি, দাম্মাম বিমানবন্দরে হামলার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। আরামকোর স্থাপনায় হামলার পর আগুন ধরে যায়। এ ছাড়া সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানার দাবিও করেছে তারা। তবে এসব হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের স্বাধীনভাবে নিশ্চিত করা কোনো তথ্য পাওয়া যায়নি।

বিবৃতিতে ইয়াহইয়া সারে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনের গোত্রগুলোকে লক্ষ্য করে সৌদি আরব কোনো ধরনের হুমকি দিলে এর পরিণতি হবে ভয়াবহ ও অপ্রত্যাশিত। ইয়েমেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের অভ্যন্তরে অভিযান অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি।

এর আগে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছিল, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহতদের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় নাগরিক। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন।

এদিকে, গত ২১ অক্টোবর সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে আরামকোর একটি তেলক্ষেত্রে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন নেপালি ও অন্যজন ফিলিপিনো নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন পাকিস্তানি ও ভারতীয় নাগরিক।

সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে উত্তেজনার মধ্যে নতুন করে এসব হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন