মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম
ছবি-সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে দলটি। এ ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভোটারদের ব্যাপক অনাস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এতে প্রেসিডেন্টের মেয়াদের শেষ দুই বছরের কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের ফলে আইন প্রণয়নের উদ্যোগ আটকে দেওয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিচারকসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের নিয়োগও বাধাগ্রস্ত করতে পারবে বিরোধী দলটি।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্ক আরোপ এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সামরিক অভিযানের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ আরও তীব্র হয়েছে।
অতীতে নির্বাচনের ফল নিয়ে বারবার প্রশ্ন তুললেও এবারের পরাজয়ের পর তুলনামূলক সমঝোতার সুরে কথা বলেছেন ট্রাম্প। দ্য নিউইয়র্ক টাইমসকে তিনি জানিয়েছেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি ‘পুরোপুরি প্রস্তুত’।
৮০ বছর বয়সী ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘আমার মনে হয়, ডেমোক্র্যাটরা ভালো করেছে। সত্যিই তাই। তারা কঠোর লড়াই করেছে।’
তবে নির্বাচনে নিজ দলের খারাপ ফলের দায় নিজের ওপর নিতে রাজি নন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি এটিকে আমার ওপর আঘাত হিসেবে দেখছি না।’
নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাবের কথা স্বীকার করলেও সামরিক অভিযান পরিচালনার পক্ষে নিজের অবস্থান বজায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে এ অভিযান নিয়ে দুই দলের মধ্যে সমঝোতার সম্ভাবনার কথাও বলেছেন তিনি।
বিশ্লেষকদের মতে, কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা। এর ফলে প্রশাসনের নীতিনির্ধারণ, আইন প্রণয়ন ও গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের বাধার মুখে পড়তে হবে প্রেসিডেন্টকে।

