আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার : প্রেস উইং
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৬ এএম
ছবি-সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘পতিত স্বৈরাচারের সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছে। তারা লিফলেট বিতরণ করছে। যারা লিফলেট বিতরণ করবেন, তাদের জন্য কড়া বার্তা- তাদের গ্রেপ্তার করা হবে। লিফলেটের কথার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার কথা থাকে।’
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ কথা বলেন।
প্রেসসচিব বলেন, ‘তারা (আওয়ামী লীগ) অনলাইনে অপতথ্য ছড়াচ্ছে। এই সরকারকে নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে। পতিত স্বৈরাচারকে প্রাইম মিনিস্টার বলছে।’
তিনি বলেন, ‘এগুলো আমরা দেখছি। আমাদের কড়া বার্তা, যারা এসব লিফলেট বিতরণ করবেন, এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদের গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা চাঁদাবাজি কমানোর নির্দেশ দিয়েছেন, রোজায় যেন জিনিসপত্রের দাম সহনীয় থাকে। আমরা এগুলো নিয়ে কাজ করছি।’

