Logo
Logo
×

জাতীয়

চিকিৎসকদের পরামর্শে আহতদের সিঙ্গাপুর পাঠানো হবে

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০২:০৫ এএম

চিকিৎসকদের পরামর্শে আহতদের সিঙ্গাপুর পাঠানো হবে

ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে মঙ্গলবার (২২ জুলাই) সকালে আহতদের দেখতে এসে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, যা যা করা দরকার, সরকারের পক্ষ থেকে সব করা হবে। সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি টিম আগামীকাল আসবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের সিঙ্গাপুর পাঠানো হবে।

এদিকে, এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ২৫ জনই শিশু। এ ছাড়া নিহত বাকি দুজনের মধ্যে একজন পাইলট এবং অন্যজন শিক্ষিকা।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, চিকিৎসার সব রকমের প্রস্তুতি আমাদের আছে। দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া বার্ন ইউনিটে দুজন ভেন্টিলেশনে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলপর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা যায়। যাদের বেশির ভাগই হতাহত হয়।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন