Logo
Logo
×

জাতীয়

ডাকসু নির্বাচন গণতন্ত্র পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সুযোগ: সাদিক কায়েম

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম

ডাকসু নির্বাচন গণতন্ত্র পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সুযোগ: সাদিক কায়েম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে গণতন্ত্র পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেছেন, ‘শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা সুষ্ঠু নির্বাচন বিনির্মাণ করতে চাই।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, ‘আমরা চাই এই নির্বাচন সারাদেশে ইতিবাচক বার্তা দিক। এজন্য প্রার্থীদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও বলেন, নির্বাচন যেন শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য ছাত্র সংগঠন, প্রার্থী ও নির্বাচন কমিশন সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো পক্ষ অতিরিক্ত সুবিধা পেলে তা শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী হবে বলেও মন্তব্য করেন তিনি।

গত ১৬ বছরের প্রেক্ষাপট টেনে সাদিক কায়েম বলেন, “এই সময় আমরা প্রকৃত ভোটাধিকার পাইনি। এবার ডাকসু নির্বাচন সেই সুযোগ ফিরিয়ে দেবে- গণতন্ত্রকে স্থায়ী রূপে পরিণত করার পথে এটি একটি বড় পদক্ষেপ।”

এবারের নির্বাচনে ডাকসুর ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। পাশাপাশি ১৮টি হলে ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩টি পদে। সর্বমোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন—এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আট ঘণ্টা ধরে ভোটগ্রহণ চলবে। ৮১০টি বুথে শিক্ষার্থীরা ভোট দেবেন ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদের জন্য। ভোট শেষে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে গণনা শুরু হবে এবং প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিনে ফল প্রদর্শন করা হবে।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন