ছবি-সংগৃহীত
ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ চলছে। রেলপথ অবরোধ চলাকালেই নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন আটকে দিয়েছেন হামিরদী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে অবরোধের দ্বিতীয় ধাপে টানা তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি পালনে পুরুষদের পাশাপাশি নারীরাও রাস্তায় নেমেছেন।
জানা গেছে, নকশিকাঁথা ট্রেন হামিরদী এলাকায় পৌঁছলে নারী ও পুরুষরা রেলপথে দাঁড়িয়ে যান। তাদের দাবি, ট্রেন যেতে হলে বুকের ওপর দিয়ে যেতে হবে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।
বিলকিস বেগম নামের এক নারী বলেন বলেন, আমাদের স্বামী-সন্তানরা ভাত খেয়ে কুলি ফেলেন ভাঙ্গায়, সেই ভাঙ্গাকে আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করব।
ভাঙ্গা জংশন স্টেশন মাস্টার সাকিব হোসেন বলেন, সকাল ৮টা ৩৫ মিনিটে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে। রাজবাড়ী থেকে ঢাকাগামী নকশিকাঁথা ভাঙ্গায় আটকে পড়েছে। ঢাকা থেকে খুলনা সুন্দরবন ও রূপসী বাংলা শিবচরে আটকা পড়েছে। অনেক যাত্রী স্বেচ্ছায় নেমে বিকল্প পথে চলে গেছে।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে আমরা আন্দোলনকারীদের যাত্রীদের হয়রানি না করতে বলেছি। না মানলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দেবেন সে মোতাবেক কাজ করা হবে।

