Logo
Logo
×

জাতীয়

দুই দশক পর চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

দুই দশক পর চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান

ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার তিনি পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেবেন।  ইতোমধ্যে পলোগ্রাউন্ডে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে এবং নেতাকে স্বাগত জানানোর জন্য শহরটি তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে। পুরো চট্টগ্রাম উৎসবমুখর হয়ে উঠেছে।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান আজ সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছাবেন। ঢাকা থেকে তিনি বিমানযোগে রাত ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত যাপন করবেন। আগামীকাল সকাল সাড়ে ৯টায় তিনি একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইয়ুথ পলিসি টক’-এ অংশগ্রহণ করবেন। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির নীতি ও পলিসি নিয়ে মতবিনিময় করবেন। এরপর তিনি পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন।’

মাহদী আমীন আরও জানান, চট্টগ্রামের পর তারেক রহমান ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সুয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনি বক্তব্য দেবেন। তিনি বলেন, সিলেট সফরের মতো চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের ত্যাগী নেতারা সফরসঙ্গী হবেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, চট্টগ্রামে তারেক রহমানের আগমন শহরবাসীর জন্য উৎসবমুখর মুহূর্ত। আমরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত।

মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ বলেন, শত বাধা সত্ত্বেও অতীতে বিএনপির সভা-সমাবেশে লাখো মানুষের সমাগম হয়েছে। এবার তারেক রহমানকে কেন্দ্র করে পলোগ্রাউন্ড ছাড়িয়ে রাজপথেও জনস্রোত দেখা যাবে বলে আমাদের ধারণা।

তারেক রহমান শেষবার চট্টগ্রামে সফর করেছিলেন ২০০৫ সালে চারদলীয় জোট সরকারের সময়, তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। বর্তমানে তিনি দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচনি প্রচার পরিচালনা করছেন।

 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন