রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলায়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, কম্পনের কেন্দ্র ছিল খুলনা জেলা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
সাতক্ষীরায় ভূমিকম্পের সময় শক্ত ঝাঁকুনি অনুভূত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। আতঙ্কে অনেকে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে খোলা স্থানে আশ্রয় নেন। রাজধানী ঢাকাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও এ কম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরু থেকেই দেশে একাধিকবার ভূকম্পন অনুভূত হয়েছে। ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। ৩ ফেব্রুয়ারি একই দিনে তিন দফা কম্পন অনুভূত হয়, যার মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প ছিল উল্লেখযোগ্য। এছাড়া ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুইবার কম্পন টের পাওয়া যায়। সর্বশেষ ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সব মিলিয়ে ফেব্রুয়ারিতে দেশে মোট আটবার ভূকম্পন রেকর্ড হয়েছে।

