ঢাবি-জবি-বাউবিতে নতুন ভিসি, ইউজিসিতে নতুন চেয়ারম্যান
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: সংগৃহীত
দেশের উচ্চশিক্ষার বড় বড় প্রতিষ্ঠানগুলোতে বড় রদবদল হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধানদের পরিবর্তনের কথা জানিয়েছে।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন ইউজিসি চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের নাম ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। গত ২২ ফেব্রুয়ারি তিনি শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ঢাবির ভিসি হওয়ায় বাউবির উপাচার্য পদের দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলামঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম
অন্যদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। এর আগে, আজ সোমবার সকালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অব্যাহতিপত্র পাঠান সদ্য সাবেক ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হচ্ছেন অধ্যাপক রইসউদ্দিন।

