প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন আব্দুল আওয়াল
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যবিষয়ক (এসডিজি) মুখ্য সমন্বয়ক হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভিসি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টা ১৯ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে, ততদিন পর্যন্ত সরকারের সচিব পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

