Logo
Logo
×

জাতীয়

সাবেক কাউন্সিলর বাপ্পীর পাসপোর্ট ব্লকের আদেশ

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:২১ পিএম

সাবেক কাউন্সিলর বাপ্পীর পাসপোর্ট ব্লকের আদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী হিসেবে গোয়েন্দা পুলিশের তদন্তে নাম আসা সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর পাসপোর্ট ব্লক (কালো তালিকাভূক্ত)’র আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. সোহেল রানা এ আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, তাজুল (তাইজুল) ইসলাম চৌধুরী বাপ্পী অবৈধভাবে ইটভাটা স্থাপন, দলিল দস্তাবেজ জালকরণ, প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজির মাধ্যমে ২ কোটি ৫১ লাখ টাকা মানিলন্ডারিং সংক্রান্তে সম্পৃক্ত অপরাধ করেছে বলে তদন্তকালে তথ্য প্রমাণ পাওয়া গেছে।

অভিযুক্তের বিরুদ্ধে ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইন (সংশোধনী/২০১৫) এর ৪(২) ধারায় রাজধানীর পল্লবী থানায় গত ৫ মার্চ মামলা দায়ের করা হয়েছে। এজাহারনামীয় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। গ্রেফতার এড়ানোর জন্য যে কোনও সময় বিদেশ গমন করতে পারে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারনামীয় অভিযুক্তের বিদেশ গমনাগমন (পাসপোর্ট ব্লক) ও গ্রেফতারে সহায়তার জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন প্রশাসন) বরাবর আদেশ দেওয়া প্রয়োজন। এ সময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোস্তফা সারোয়ার মুরাদ আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসায়  সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর হাদি মারা যান। এই মামলা তদন্ত শেষে গত ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। এতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীসহ ১৭ জনকে আসামি করা হয়। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন