সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩
সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম
সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ে নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
সিরাজগঞ্জের নকলায় যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

