এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা
মুখে কালো কাপড় বেঁধে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। রবিবার (৩ মে) দুপুরে এই প্রতিবাদ মানববন্ধন করেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যম কর্মীরা। এ মানববন্ধনের আয়োজন করে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।
সুপ্রিম কোর্টের এজলাসে সংবাদকর্মীদের প্রবেশের ওপর কর্তৃপক্ষের আরোপিত বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। একই সঙ্গে তারা বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ প্রকাশের জন্য অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে সাংবাদিক নেতারা দাবি করেন, গত চার মাস ধরে আপিল বিভাগের এজলাস ও হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আদালতকক্ষ একটি উন্মুক্ত স্থান, যেখানে বিচার কার্যক্রম সর্বসাধারণের জন্য দৃশ্যমান থাকার কথা। সেখানে সাংবাদিকদের বাধা দেওয়া পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি করছে এবং সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থি।
সাংবাদিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকরা এজলাসকক্ষে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করে আসছিলেন। তবে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। অবাধ তথ্যপ্রবাহ ও স্বচ্ছ বিচারব্যবস্থা নিশ্চিত করতে আদালতসহ সব পাবলিক প্লেসে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমান রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ শতাধিক গণমাধ্যমকর্মী।

