সংগৃহীত ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনারের দায়িত্ব পেলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ। রবিবার (১৭ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
গত ২৬ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। গত বৃহস্পতিবার অবসরে যান তিনি। সে সময় পুলিশ সদর দপ্তর জানিয়েছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি পালন করবেন এ দায়িত্ব।
এর আগে ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।
১৬ মার্চ সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ পান বিসিএস ১৫তম ব্যাচের মোসলেহ্ উদ্দিন আহমদ। ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।
আগে পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) দায়িত্ব পালন করেন। কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার ছিলেন। জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুরেও পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন মোসলেহ্ উদ্দিন আহমদ।

