Logo
Logo
×

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৩৫ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের ইউনুস মিয়া (৫৫) ও পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার নূর আলম (৪৫) নামে দুই প্রবাসী নিহত হয়েছেন। দীর্ঘদিনের দুই বন্ধু একসঙ্গে সৌদি আরবে ব্যবসা করতেন। 

নিহত ইউনুস মিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের সাবির আলীর বড় ছেলে। অপরদিকে নূর আলম নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিল সওদাগরের ছেলে।

স্বজনরা জানান, ইউনুস ও নূর আলম দীর্ঘ ২৮ বছর ধরে সৌদি আরবের রিয়াদে যৌথভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসায়িক কাজে গতকাল শনিবার জেদ্দায় গিয়েছিলেন তারা। সেখান থেকে রিয়াদে ফেরার পথে আল মাহাদ আদ দাহাব এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় গাড়ির চালকসহ আরও দুজন আহত হয়েছেন।

নিহত ইউনুস মিয়ার ছোট ভাই ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মারুফ বলেন, “আমার বড় ভাই ছিলেন পরিবারের অভিভাবক। তার স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। দীর্ঘ প্রবাস জীবনে তিনি কখনো পরিবারের সঙ্গে কোরবানির ঈদ করতে পারেননি। এবারই প্রথম ২৭ মে দেশে এসে ঈদ করার পরিকল্পনা করেছিলেন। বিমানের টিকিটও কনফার্ম করা ছিল।”

সৌদি আরবে অবস্থানরত নিহত নূর আলমের ভাগিনা মনির হোসেন জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তার মামা নূর আলম ও তার বন্ধু ইউনুস মিয়ার মৃত্যু হয়।

নিহত নূর আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, “আমাদের ছয় সদস্যের সংসার স্বামীর আয়ের ওপর নির্ভরশীল ছিল। তাকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই।”

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন জানান, সৌদি আরবে নিহত ইউনুস মিয়ার মরদেহ দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

অপরদিকে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, “নিহত প্রবাসী নূর আলমের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।”

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন