নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
নেত্রকোনা সংবাদদাতা
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৪:০২ পিএম
নেত্রকোনায় বাস ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনার সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তাঁর মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং আরও এক শিশু।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নুরজাহান পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশাযোগে বাবার বাড়ি চল্লিশায় যাচ্ছিলেন। পথে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি লোকাল বাস চল্লিশা বাইপাস মোড়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরজাহান, তার এক মেয়ে স্মৃতি আক্তার নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত নুরজাহানের স্বামী আইনুল হক, অটোরিকশাচালক রেহান মিয়াসহ আরও কয়েকজন। তাদের মধ্যে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিদের প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে চল্লিশা বাইপাস মোড়ে গোলচত্বর ও স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

