সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম
প্রতীকী ছবি
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস।
সোমবার (১০ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় সংগঠনটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
শোকবার্তায় খেলাফত মজলিসের নেতারা বলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানির ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। নিহতদের জন্য তারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।
নেতৃবৃন্দ রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার (রেপাট্রিয়েশন) আইনি প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
খেলাফত মজলিস নেতারা বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ও তৎপর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
-বিজ্ঞপ্তি

