সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির ১৩ জনই নওগাঁর
নওগাঁ সংবাদদাতা
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি-সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে।
নিহতদের কয়েকজনের নাম-পরিচয়ও জানা গেছে। তারা হলেন—কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ ও সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান তিনি। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক।
অগ্নিকাণ্ডের পর স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করতে জটিলতা দেখা দিয়েছে।
এদিকে মর্মান্তিক এ ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস গভীর শোক জানিয়েছে। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করতে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর বিষয়ে পরবর্তী পদক্ষেপ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে নেওয়া হচ্ছে।

