Logo
Logo
×

জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ছবি-সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ফলাফল ঘোষণা করে সিইসি বলেন, সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।

এ ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রথমে করমর্দন করেন এবং তাকে একটি লাল গোলাপ উপহার দেন। এ সময় সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাত তুলে সংসদ সদস্যদের সালাম জানান। এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী দলের সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে এলে নতুন রাষ্ট্রপতি নিজের আসন থেকে বেরিয়ে তাদের সঙ্গে কোলাকুলি করেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানও নতুন রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন এবং বিরোধীদলীয় নেতার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। সংসদের অন্যান্য সদস্যরাও নিজ নিজ আসন থেকে এসে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

একপর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে করমর্দন করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সালাম জানান।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা ২ মিনিটে ভোট গণনা শুরু হয়।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন