Logo
Logo
×

জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন অলি আহমদ

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন অলি আহমদ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর বিকেল ৫টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান অলি আহমদ।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি।’

অলি আহমদ বলেন, দীর্ঘ রাজনৈতিক যাত্রায় তারা দুজন একসঙ্গে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নাগরিক অধিকার ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে তাদের বিশ্বাস ও অঙ্গীকার অভিন্ন বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে অলি আহমদ বলেন, ১৯৭১ সালের পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতাহীন ছিল। ফলে দেশের গুরুত্বপূর্ণ এ পদে বিকল্প নেতৃত্ব, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি জাতীয় সংসদ ও জনগণের সামনে বিবেচনার সুযোগ ছিল না। দীর্ঘ ৩৫ বছর পর এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন সেই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি করেছে।

নবনির্বাচিত রাষ্ট্রপতি গণতান্ত্রিক মূল্যবোধ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং নাগরিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন অলি আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের সমর্থনে প্রার্থী হয়েছিলেন কর্নেল ড. অলি আহমদ বীর বিক্রম (অব.)। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। অলি আহমদ পান ৮৮ ভোট। ছয়জন সংসদ সদস্য ভোটদানে বিরত থাকেন।

দুপুর ২টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। এরপর ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন