Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে ৬ এমপি কেন ভোট দেননি

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে ৬ এমপি কেন ভোট দেননি

ছবি-সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত ভোটে ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোট না দেওয়া ছয় সংসদ সদস্য হলেন—ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, কিশোরগঞ্জ-৩ আসনের ওসমান ফারুক, সাতক্ষীরা-৪ আসনের গাজী নজরুল ইসলাম, সিলেট-৫ আসনের আবুল হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

অসুস্থতার কারণে ভোট দিতে পারেননি দুজন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোস্তফা কামাল পাশাও অসুস্থতার কারণে ভোট দিতে পারেননি বলে জানা গেছে। এ বিষয়ে তিনি ভারপ্রাপ্ত স্পিকারের কাছে চিঠি দিয়েছেন।

বিদেশে থাকায় ভোট দিতে পারেননি আরও দুজন

কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ড. ওসমান ফারুক বিদেশে অবস্থান করায় ভোট দিতে পারেননি।

এ ছাড়া সিলেট-৫ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য আবুল হাসানও বিদেশে ছিলেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক কাজে তিনি লন্ডনে অবস্থান করছেন।

গাজী নজরুলের অনুপস্থিতির কারণ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামও ভোট দেননি। সাম্প্রতিক সময়ে তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। তবে ভোটের সময় তার অনুপস্থিতির কারণ নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

‘নির্বাচন নয়, মনোনয়ন’—রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ইচ্ছাকৃতভাবে ভোটদানে বিরত থাকেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনকে ‘অর্থহীন ও প্রহসনের’ নির্বাচন বলে মন্তব্য করেন।

রুমিন ফারহানার যুক্তি, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটিকে প্রকৃত নির্বাচন বলা যায় না। ফলাফল আগে থেকেই জানা ছিল বলে তিনি ভোট দেননি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়ার বিষয়ে কেন ঐকমত্য হয়নি।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে ৩৪৩টি ভোট পড়েছে এবং সবগুলোই বৈধ বলে ঘোষণা করা হয়। ছয়জন ভোট না দেওয়ায় ছয়টি ব্যালট অব্যবহৃত থাকে। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন