নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সঙ্গে ছিলেন হুইপ অপু
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:০৭ পিএম
ছবি-সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
নিজের ফেসবুক পোস্টে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রত্যক্ষ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন।
ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

