রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে সংবিধানকে স্বীকৃতি দিয়েছে বিরোধীদল : স্বরাষ্ট্রমন্ত্রী
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম
ছবি-সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল বিদ্যমান সংবিধান ও সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধীদলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি বিরোধীদলকে অভিনন্দন জানাই। তারা বিদ্যমান সংবিধান মেনে সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জয়যাত্রা।’
তিনি বলেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। সেই আইন অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে এবং তফসিল অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিরোধীদলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদও নির্বাচিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। এটিকে গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকে। তবে দিন শেষে সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়ে বিরোধীদল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে—এটাই গণতন্ত্রের জয়যাত্রা।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিরোধীদল যদি বিদ্যমান সংবিধান মেনে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে থাকে, তাহলে সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা যে শপথ নিয়েছেন, সেটিও সাংবিধানিকভাবে টেকসই নয়—এ স্বীকৃতি তারাই দিয়েছে।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শূন্য পদে নিয়োগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব পদে নিয়োগ প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে কত দিনের মধ্যে নিয়োগ দেওয়া হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি তিনি।

