Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

ছবি-সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তান হাইকমিশনের প্রকাশিত এক অভিনন্দন বার্তায় জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও জনগণের কল্যাণে আরও অগ্রগতি অর্জন করবে।

বার্তায় তিনি বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে যে ইতিবাচক গতি সৃষ্টি হয়েছে, তা তিনি স্বাগত জানান। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী।

এ সময় তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। জারদারির মতে, এ সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।

অভিনন্দন বার্তার শেষাংশে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফল দায়িত্ব পালন কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন