শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি-সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জুমার নামাজের পর সমাধিস্থলে গিয়ে ফুল দিয়ে প্রয়াত দুই নেতার প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সরাসরি বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে উপস্থিত থাকবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে ইতোমধ্যে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা রয়েছেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
২৫৫ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত
দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন।
নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
শপথ গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।

