Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবি-সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত ৭টা ৩৮ মিনিটে বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।

এর আগে বিকেলে বঙ্গভবনে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে নতুন রাষ্ট্রপতির গাড়িবহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও বঙ্গভবনে প্রবেশ করেন।

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেন সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীপ্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

শপথ গ্রহণ শেষে রাষ্ট্রীয় রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন রাষ্ট্রপতি। এ সময় তার পাশে বসেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষ করে রাষ্ট্রপতির নির্ধারিত আসনে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দুই পাশে বসেন মেজর হাফিজ উদ্দিন ও কায়সার কামাল।


এরপর মন্ত্রিসভার নতুন চার সদস্যকে শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি।

শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দরবার হলের প্রথম সারিতে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিনী জুবাইদা রহমান, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতির সহধর্মিনী রাহাত আরা বেগম, আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান এবং প্রধানমন্ত্রীর কন্যা জায়মা রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষক, সম্পাদক, আইনজীবী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে অংশ নিতে প্রায় দেড় হাজার আমন্ত্রণপত্র বিতরণ করা হয়।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন