বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম
ছবি-সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ও শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রীতি অনুযায়ী বঙ্গভবনে পৌঁছানোর পর তাকে রাষ্ট্রীয় অভিবাদন ও গার্ড অব অনার দেওয়া হয়।
রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে পৌঁছান। এ সময় নির্ধারিত রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গভবনে পৌঁছানোর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও শুরু হয়েছে।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
শপথ নেওয়ার পরদিন শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে তার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

