দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম
ফাইল ছবি
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে সরকারের ১২৭ কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগে দায়ের করা দুর্নীতির ১৫ মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। এসব মামলায় অন্য আসামিরাও খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ১৮টি পরিত্যক্ত সরকারি বাড়ি বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে মির্জা আব্বাসসহ ২১ জনের বিরুদ্ধে পৃথক ১৫টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতির অভিযোগ আনা হয়েছিল।
২০০৭ সালের ২৯ মার্চ মামলাগুলো দায়ের করা হয়। তদন্ত শেষে একই বছরের ২৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে আদালত ২৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
মামলার অভিযোগে বলা হয়, গুলশান, ধানমণ্ডি ও শান্তিনগরসহ ঢাকার বিভিন্ন এলাকায় থাকা ১৮টি পরিত্যক্ত সরকারি বাড়ি বিক্রির ক্ষেত্রে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম করা হয়। অভিযোগ ছিল, ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে বেশি দর উপেক্ষা করে কম মূল্যের দরপত্র অনুমোদন দেওয়া হয়, যার ফলে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এসব মামলায় মির্জা আব্বাস ছাড়াও একাধিক সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিকে আসামি করা হয়েছিল। পৃথক মামলায় আসামি করা বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য আসামিরাও আদালতের রায়ে খালাস পেয়েছেন।

