চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম
ছবি-সংগৃহীত
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। পরে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন বলে জানিয়েছেন দলীয় সূত্র। মেডিকেল বোর্ডের পরামর্শে পরবর্তী চিকিৎসা ও বিশ্রাম অব্যাহত রাখবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।
এর আগে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে কুয়ালালামপুরের কুইল রেসিডেন্স অ্যাপার্টমেন্টের লবিতে সাংবাদিকদের সাথে কথা বলেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।
তিনি মালয়েশিয়ায় বসবাসরত বিএনপির নেতাকর্মী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। একইসাথে তিনি আরও বলেন, জ্ঞান ফেরার পর থেকে দেশে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, দেশকে খুব মিস করেছেন এই ৫ মাস। সে (মির্জা আব্বাস) বারবার বলে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশের ফিজিওথেরাপি অনেক ভালো, আমাকে দেশে নিয়ে চল। মির্জা আব্বাস চলমান জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলেও জানান আফরোজা আব্বাস।
এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

