ইউপি দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু : ইসি আনোয়ারুল
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম
ছবি-সংগৃহীত
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়েই স্থানীয় সরকারের ভোটগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, চলতি মাসেই নির্বাচনের বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে এবং এক বা দুই সপ্তাহের মধ্যে তফসিলের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো সম্ভব হবে।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমরা আশা করছি ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচন একটা পর্যায়ে গেলে আমরা সিটি কর্পোরেশন, পৌরসভা ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন করব।’
ইউপি নির্বাচনের তফসিল প্রসঙ্গে তিনি বলেন, চলতি মাসের মধ্যেই এ বিষয়ে অনেক কিছু স্পষ্ট হবে। নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ দ্রুতগতিতে চলছে।
নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে নভেম্বর ও ডিসেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক, বৃত্তি ও টেস্ট পরীক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহৃত হওয়ায় এবং শিক্ষকরা নির্বাচনী দায়িত্ব পালন করায় পরীক্ষার সময় এড়িয়ে ভোটের তারিখ নির্ধারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে আইনি বাধ্যবাধকতা থাকা নির্বাচনগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে এবার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে ড্রোন ব্যবহারের পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরার সংখ্যাও বাড়ানো হবে। একই সঙ্গে অপতথ্য মোকাবিলায় নেওয়া হবে বিশেষ ব্যবস্থা।
আচরণবিধিতেও কড়াকড়ি আনার কথা জানিয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভিআইপিরা যেন সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারেন, সে বিষয়ে বিধান রাখা হয়েছে। এছাড়া পচনশীল নয় এমন দ্রব্য ও পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। শিগগিরই সংশোধিত আচরণবিধির প্রজ্ঞাপন জারি করা হবে।
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, কোনো শিক্ষক প্রার্থী হলে তার সহকর্মীরা পক্ষে কাজ করার সুযোগ তৈরি হয়, যা ভোটকেন্দ্রের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা এবং শিক্ষকদের নিরপেক্ষতা বজায় রাখতে তাদের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পর্যবেক্ষণ পাঠিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়েও কমিশন প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। আইন অনুযায়ী, ৯০ দিনের মধ্যে এ উপনির্বাচন সম্পন্ন করতে হবে এবং শিগগিরই এর তফসিল ঘোষণা করা হবে।
ইউপি নির্বাচন একটি নির্দিষ্ট পর্যায়ে এগিয়ে নেওয়ার পর সিটি কর্পোরেশন, পৌরসভাসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।

