আগামী জুনের মধ্যে খুলবে শহীদ জিয়া শিশু পার্ক : ডিএসসিসি প্রশাসক
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
ছবি-বাসস
রাজধানীর শাহবাগে শহীদ জিয়া শিশু পার্কের আধুনিকায়ন কাজ শেষ করে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রবিবার বিকেলে শহীদ জিয়া শিশু পার্ক প্রকল্প এলাকায় পূবালী ব্যাংক পিএলসির ‘শিশু পার্ক শাখা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে পার্ক প্রাঙ্গণে পূবালী ব্যাংকের শাখা ভবনটি নতুন করে নির্মাণ করা হয়েছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি প্রায় ৩০ শতাংশ।
তিনি বলেন, শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড কেনার লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এসব রাইড স্থাপনের কাজই পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশের সমান।
তিনি বলেন, ‘আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা শিশুদের একটি আধুনিক ও আকর্ষণীয় পার্ক উপহার দিতে পারব।’
ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান মো. আবদুস সালাম। তিনি বলেন, রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রমের মাধ্যমে সবাইকে অংশ নিতে হবে।
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন ডিএসসিসি প্রশাসক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এ ছাড়া সিটি কর্পোরেশন ও পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

