Logo
Logo
×

জাতীয়

রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান জরুরি : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

নিজস্ব সংবাদদাতা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান জরুরি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি-সংগৃহীত

মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা সংকটের একটি টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) আয়োজিত ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড রিফ্রেমিং রেসপনসিবিলিটিজ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সরকার রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে দিতে সর্বাত্মক চেষ্টা করবে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট যেন সবসময় আন্তর্জাতিক গুরুত্বের মধ্যে থাকে এবং অন্য কোনো বৈশ্বিক সংঘাত বা সংকটের আড়ালে চাপা না পড়ে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ উদ্যোগ ও কার্যকর কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত তাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বা ইউএনএইচসিআরের হিসাবে ১২ লাখ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে নিরাপত্তা ও পূর্ণ মর্যাদার সঙ্গে তাদের দেশে ফিরিয়ে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এবং ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কূটনৈতিক উদ্যোগে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সফলতা অর্জন করেছিল।

অতীতের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শতভাগ সফল প্রত্যাবাসন বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর্মুলেশন কমিটি অন রোহিঙ্গা অ্যাফেয়ার্স’ গঠন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিও কাজ করছে।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সরকার আশাবাদী এবং বাংলাদেশ মানবিক সহযোগিতা অব্যাহত রাখবে। তবে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি রোহিঙ্গা ইস্যুতে প্রশাসনিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

আইজিসিএফের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আদনান রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে গোলটেবিল আলোচনা শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী।

গোলটেবিল আলোচনায় বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি আইভো ফ্রেইসেন, বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন