Logo
Logo
×

জাতীয়

ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন

ছবি: মিডিয়া সেল

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এনসিপির প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ এবং দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে দলীয় নেতাদের সমন্বয় ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় নাহিদ ইসলাম ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করে সেগুলোকে রাজনৈতিক ও নির্বাচনী কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন।

পাশাপাশি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই ও তাদের সঙ্গে সাংগঠনিক সমন্বয় জোরদার, স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণ এবং নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জুলাই শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনাও দেওয়া হয়। একই সঙ্গে দলটির নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সতর্ক থাকার এবং আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের সম্ভাব্য নাশকতামূলক তৎপরতার বিষয়ে নজরদারি রাখার কথা বলা হয়।

এনসিপি নেতারা মনে করছেন, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ওয়ার্ডভিত্তিক সংগঠন শক্তিশালী করা জরুরি। এ লক্ষ্যে দুই মহানগরের প্রতিটি এলাকায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় নেতাদের নিয়ে ধারাবাহিক বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি নিজেদের সাংগঠনিক সক্ষমতা যাচাই ও স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে আসছিল। দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণার মাধ্যমে দলটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান স্পষ্ট করল।

উল্লেখ্য, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রস্তুতি বাড়ছে। এনসিপির এই প্রার্থী ঘোষণা নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন