Logo
Logo
×

জাতীয়

গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে : মাহ্দী আমিন

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে : মাহ্দী আমিন

ছবি : বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে এবং আগামী দিনেও ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। একইসঙ্গে সরকারের সাত মাসে জনকল্যাণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

সরকারের সাত মাস পূর্তি উপলক্ষ্যে আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন এসব কথা বলেন। গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকারের পথ চলা শুরু হয়।

মাহ্দী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি ব্যবসায়ী ও গণমাধ্যমের সাথে বৈঠকে গ্যাস সরবরাহ সংকট কাটিয়ে দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অত্যন্ত স্বল্প সময়ে গতকাল থেকে তা বাস্তবায়ন শুরু হয়েছে। শিল্পকারখানাগুলো আবারও সচল রাখা এবং বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা ধরে রাখতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে।’

সরকারের সাত মাসের অগ্রগতি তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ‘নির্বাচিত সরকার গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতি  হয়েছে। ১৬ বছরের শাসন-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে নতুনভাবে দেশকে পুনর্গঠন করা হচ্ছে। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বর্তমান সরকার জনগণের প্রকৃত কল্যাণ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ।’

মাহ্দী আমিন বলেন, ‘একটি সুখবর দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি’র রেটিংয়ে বাংলাদেশকে গতকাল (মঙ্গলবার) নেতিবাচক থেকে একটা লম্বা সময় পর স্থিতিশীল অবস্থায় ফেরত আনা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য সারাবিশ্বে একটি স্থিতিশীল রাষ্ট্র।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনকল্যাণে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে গত এক মাসে বাস্তবায়িত ও গৃহীত এই কর্মযজ্ঞ প্রমাণ করে যে, বর্তমান সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও জবাবদিহিতার মাধ্যমেই জনগণের প্রকৃত কল্যাণ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। বৈদেশিক ঋণের চাপ সফলভাবে মোকাবিলা করা থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন ধরনের অতি প্রয়োজনীয় সংস্কার, দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতকরণ, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যখাতের বৈপ্লবিক উন্নয়ন এবং কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করাসহ প্রতিটি পদক্ষেপে সরকারের দেশপ্রেম ও জনকল্যাণমুখী মানসিকতার প্রতিফলন ঘটেছে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘গত ১৬ বছরের ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মধ্য থেকে বাংলাদেশকে আমরা নতুনভাবে পুনর্গঠন করছি। যেখানে মাত্র সাত মাসে সব সমস্যার শতভাগ সমাধান হয়তো করে ফেলা কঠিন বা দুরূহ। তবে, বর্তমান নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার— যার ক্ষমতার একমাত্র উৎস জনগণ, সেখানে সর্বোচ্চ আন্তরিকতা ও সদিচ্ছা আজ প্রতিটি পদক্ষেপে দৃশ্যমান।’

প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে বিগত বছরের একই সময়ের তুলনায় অর্থাৎ আজকে যদি আমরা তুলনা করি— গত বছরের এই সময়ের সাথে কিংবা গত মাসের এই সময়ের সাথে, তাহলে কিন্তু আমাদের মূল্যস্ফীতি বা ইনফ্লেশন ইতিবাচক দিকে যাচ্ছে। অর্থাৎ তুলনামূলকভাবে আমাদের যে ইনফ্লেশন রেট, সেটা কমে এসেছে। আমাদের খাদ্যপণ্য, দ্রব্যমূল্যের যে বৃদ্ধির হার— সেটা কমে এসেছে। এর পাশাপাশি আমাদের অন্যান্য বছরের তুলনায় বর্তমানে নিত্য প্রয়োজনীয় যে খাদ্যপণ্য রয়েছে, সেটার জোগান তুলনামূলকভাবে বেশ ভালো।

জ্বালানি তেলের মূল্য সম্পর্কে মাহ্দী আমিন বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এবং বিশেষত আশেপাশের যেকোনো দেশের তুলনায় ডিজেল তেলের দাম বাংলাদেশে অপেক্ষাকৃত কম। অর্থাৎ তেলের ক্ষেত্রেও বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হচ্ছে, যেন জনগণের ওপর চাপ না পড়ে।’ 

মাহ্দী আমিন বলেন, ‘বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও জীবনমানের উন্নয়নে সরকারি কিছু পদক্ষেপ আমরা গত এক মাসে দেখতে পেয়েছি। তার মাঝে অন্যতম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক স্বস্তিতে সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকার জাতীয় পে-স্কেল অনুমোদন।’

তিনি বলেন, গত এক মাসে দাপ্তরিক কাজে গতি আনতে আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থবিভাগের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা প্রত্যাহার, ভূমি শাসনে স্বচ্ছতা ফেরাতে কর্মকর্তাদের দীর্ঘমেয়াদে একই কর্মসংস্থলে পদায়ন সম্পূর্ণ বন্ধকরণ, সম্পত্তি দান করার পরেও বাবা-মায়ের আজীবন ভোগ দখল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে সুরক্ষা আইন পাস, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দেশের সেরা ১০০ মেধাবী শিক্ষককে ১ লাখ টাকা করে বিশেষ জাতীয় অর্থ পুরস্কার প্রদানের উদ্যোগ, সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ব্যাপকভাবে বৃদ্ধি করে স্থায়ী তহবিলে রূপান্তর, প্রান্তিক মানুষের বেঁচে থাকার নিরাপত্তায় দেশব্যাপী সিগনেচার প্রজেক্টগুলো যেমন— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিত সরকারি ভাতার সম্প্রসারণ।


এ ছাড়াও ঢাকার তিনটি অন্যতম প্রধান বস্তি কড়াইল, ভাসানটেক ও তলা পুনর্বাসনে চীনের ১০ হাজার কোটি টাকা অর্থায়নে ২০ তলা আধুনিক ভবনে বিনামূল্যে আবাসক ফ্ল্যাট নির্মাণের প্রস্তাবনা, ইতালির মিলানের আন্তর্জাতিক সোর্সিং মেলা রেডি টু শোতে বাংলাদেশের বিভিন্ন পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠানের সফল অংশগ্রহণ এবং মেইড ইন বাংলাদেশ স্লোগানকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া, নিরাপদ ও মানসম্পন্ন মাংস প্রক্রিয়াজাত করে ভবিষ্যতে রপ্তানির লক্ষ্যে প্রতিটি জেলায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের কার্যক্রম চলমান, গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিস প্রতিরোধে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনের সফল প্রয়োগ, প্রাণিসম্পদ সেবায় প্রতিটি ইউনিয়নে চারজন এবং উপজেলায় একজন করে সরকারি পশু চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু, বান্দরবানের দুর্গম পাহাড়ের অর্ধশত পাড়ায় আধুনিক প্রযুক্তির সহায়তায় পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা, রাজধানী ঢাকায় ১৫টি আধুনিক রাইডসহ কেন্দ্রীয় শিশু পার্কে বিশ্বমানের আদলে কীভাবে সংস্কার করা যায়— আগামী জুনের মধ্যে সেটিকে উন্মুক্ত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ, ৪১ টি দেশের এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে প্রবাসীদের জন্য সেটিকে আরো সহযোগীকরণ এবং সেবাবান্ধব করার জন্য কার্যকর নির্দেশনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

মাহ্দী আমিন বলেন, বিদ্যুৎ খাতে বড় অগ্রগতি হিসেবে কারিগরি ত্রুটি সারিয়ে জাতীয় গ্রিডে স্থগিত থাকা ১ হাজার ৪৬ দশমিক ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ পুনরায় সরবরাহ শুরু, শিল্প ও কৃষির বিকাশে উপজেলা ভোলায় ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র এবং একটি বৃহৎ সার কারখানা স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা, পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের অংশ হিসেবে জাতীয় গ্রিডে নতুন ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্তকরণ, কৃষকের সেচ খরচ শূন্যে নামিয়ে আনতে আগামী পাঁচ বছরে দেশের সকল ডিজেল চালিত সেচ পাম্প সৌরশক্তিতে রূপান্তরের মহাপরিকল্পনা, রাঙ্গামাটির বিদ্যুৎহীন ৩০০ প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল উদ্যোগ, বাসা-বাড়ির ছাদভিত্তিক সৌর বিদ্যুতে নতুন প্রণোদনা ঘোষণা, অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সাড়ে ১০ টাকা ইউনিট দরে ক্রয়ের প্রজ্ঞাপন জারি, সবুজ বিদ্যুৎ প্রকল্প উৎসাহিত করতে সোলার পাওয়ার প্ল্যান্টের আধুনিক যন্ত্রাংশ আমদানিতে টানা ১৮০ দিন সব ধরনের শুল্ক ও কর সম্পূর্ণ মওকুফের ঘোষণা, আমিনবাজারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি, উর্বর মাটির সুরক্ষা নিশ্চিতে কৃষি জমির বদলে নদী ড্রেজিংয়ের পলি মাটি দিয়ে পরিবেশবান্ধব আধুনিক ইট তৈরির প্রকল্পে বিশেষ প্রাধান্য, নদী ভাঙন রোধ ও বাঁধ সুরক্ষায় প্রাকৃতিকভাবে দীর্ঘস্থায়ী বিন্যা ঘাস ব্যবহারের জাতীয় নির্দেশিকা ও কারিগরি কমিটি গঠন, সাভার চামড়া শিল্প শিল্পনগরীর পরিবেশ দূষণমুক্ত রাখতে সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট আধুনিক সংস্কারের উদ্যোগ, অলাভজনক রাষ্ট্রায়াত্ত শিল্প ও অব্যবহৃত জমি সম্পদকে বেসরকারি অংশীদারিত্বে অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কীভাবে লাভজনক প্রক্রিয়ায় নিতে নীতিমালা প্রণয়নের উদ্যোগ, দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়াত্ত চিনি কলগুলোকে নতুন করে সচল ও আধুনিকায়নে কারিগরি ও অর্থনৈতিক সহায়তা করতে বিভিন্ন দেশের আগ্রহ প্রকাশ, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চাহিদার চেয়ে ১৫ লাখ ৬৮ হাজার মেট্রিক টন উদ্বৃত্ত রেখে মোট ৫১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার সরবরাহ ও কেন্দ্রীয় কন্ট্রোলরুম চালুর উদ্যোগ, অচল প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করে কর্মসংস্থান সৃষ্টি করতে বিনিয়োগকারীদের জন্য ৭ পার্সেন্ট সুবিধার প্রস্তাব, দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, একইভাবে বিভিন্ন কারণে যেসব কলকারখানা এতদিন সচল ছিল না সেগুলোকে পর্যায়ক্রমে চালু করার জন্য বহুমুখী কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন