যেকোনো সময় দেশে ঢুকতে পারেন নাগরিক, সরকার কী করবে তা সরকারের বিষয়: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও প্রত্যর্পণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।
রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় বাংলাদেশ ছাড়তে পারে, যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারে; এটা সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা তো সরকারের হাতে। এটা তো আমাদের কারও জানা নেই, কী নেবে না।’
বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে বলা হয়েছে, জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশের অধিকার রয়েছে।
সম্প্রতি জাতীয় সংসদে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেন। বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারিও দেওয়া হয়।
এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এটা হয়, এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, রাজনীতিতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে; রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি, এগুলো সবই স্বাভাবিক।’
তিনি আরও বলেন, ‘আজকে আমাদের যে প্রোগ্রামটা হলো, কয়েক হাজার মানুষ উপস্থিত। আমি মনে করি, রাজনীতিবিদের যে কোনো কথার জবাব মানুষ দেয়।’
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে রুমিন ফারহানা তার বক্তব্য তুলে ধরেন।

