রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, যাত্রাবাড়ী থানার সামনেও একাধিক বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি-সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে পৃথক এসব বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে মহাখালীতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিচে ফেলা হলে সেটি বিস্ফোরিত হয়। একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উভয় ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে।
এরপর রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর রহমান জানান, একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি খতিয়ে দেখছেন। তবে কারা বা কোন দিক থেকে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের পর সংশ্লিষ্ট ঘটনাস্থলে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে এবং বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

