Logo
Logo
×

জাতীয়

দেবিদ্বারে মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে হত্যা, যুবক আটক

Icon

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

দেবিদ্বারে মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে মা ও ভাবিকে কুপিয়ে এবং আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম ইমন (২৪)। তিনি ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন।

স্থানীয়দের দাবি, ইমনের মা পেয়ারা বেগম ও তার আট মাস বয়সী ভাতিজি ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত ভাবি রাবেয়া বেগমকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এরপর তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে হত্যা করা হয়। এ সময় রাবেয়া বেগম বাধা দিতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রাবেয়া বেগমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। একই সঙ্গে অভিযুক্ত ইমনকে আটক করে পাশের একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনার কারণ ও হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন