Logo
Logo
×

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি-সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যাত্রা করেন। ইস্তাম্বুল হয়ে নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৬টার কিছু পর ছেড়ে যায়। ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এবারের সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ২৪ সেপ্টেম্বর বক্তব্য দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ। ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের এবারের অংশগ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে। ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।

সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য এবং মিডওয়াইফারি নিয়ে বাংলাদেশের আয়োজিত একটি সাইড ইভেন্ট। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সেখানে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, দক্ষ মিডওয়াইফারি সেবা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

বাংলাদেশ ও সুইডেন যৌথভাবে এ সাইড ইভেন্ট আয়োজন করবে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এতে অংশীদার হিসেবে রয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী ও জনগণকেন্দ্রিক করার পাশাপাশি প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতক মৃত্যুর হার কমানোর বিষয়টি অনুষ্ঠানে গুরুত্ব পাবে।

সফরের ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে একটি সাইড ইভেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানাবে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি নিয়ে ২৪ সেপ্টেম্বরের একটি উচ্চপর্যায়ের বৈঠকেও তিনি বক্তব্য দেবেন। এসব আলোচনায় জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি এবং জলবায়ু ন্যায্যতার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে আন্তর্জাতিক ব্যবসায়ী ও বিনিয়োগকারী মহলের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন