গাজী নজরুল এমপি ৪ ও প্রথম স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি-সংগৃহীত
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গাজী নজরুলের চার দিন এবং মাকসুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার দুপুর ২টা ২২ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে করে গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে আদালতে নিয়ে আসে শেরেবাংলা নগর থানা-পুলিশ। পরে তাঁদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমসহ আরও একজনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তে মরিয়মের মৃত্যুর আগে ও পরে আসামিদের ভূমিকা, তাঁকে কোনো ধরনের চাপ বা প্ররোচনা দেওয়া হয়েছিল কি না এবং মামলার অন্য আসামির ভূমিকা সম্পর্কে তথ্য জানতে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
আদালতের আদেশের পর গাজী নজরুল ইসলামকে চার দিন এবং মাকসুদা বেগমকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

