বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব, দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
ফাইল ছবি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে বর্তমান ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।’
তবে প্রস্তাবিত ভাড়া কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন জারি প্রয়োজন হবে।

