কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
ছবি-সংগৃহীত
কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার ১৮টি থানায় বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার সব থানায় একযোগে অভিযান চালানো হয়। কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা এবং যেখানে কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
পুলিশ জানিয়েছে, আটক ৬২৪ জনের বিষয়ে জিজ্ঞাসাবাদ, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের অতীত অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে থাকে, সে জন্য এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

