ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ নিহত ৭
ময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম
ছবি-সংগৃহীত
ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ বাইপাস সড়কের পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একই পরিবারের চারজন হলেন—জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তাঁর মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) ও মর্জিনার ছেলে মিনাল (৫)। পরিবারের সদস্যরা গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। নিহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে যাচ্ছে।
দুর্ঘটনার পর ময়মনসিংহ বাইপাস সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ এবং নিহত অপর তিনজনের পরিচয় জানতে কাজ করছে সংশ্লিষ্টরা।

