Logo
Logo
×

জাতীয়

রংপুর থেকে চট্টগ্রাম, পূজামণ্ডপে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:১১ পিএম

রংপুর থেকে চট্টগ্রাম, পূজামণ্ডপে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি-সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (তারিখ) তিনি রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন। মঙ্গলবার সকালে তিনি প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন।’

আতিকুর রহমান রুমন আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। এ সময় প্রধানমন্ত্রী পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই দিন রাতে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলেও জানান তিনি।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি।

এরপর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

রাজশাহী সফর শেষে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

উল্লেখ্য, এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে মঙ্গলবার উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজার মহানবমী। পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন