Logo
Logo
×

জাতীয়

মহানবমীতে সম্প্রীতির বার্তা নিয়ে তিন বিভাগে প্রধানমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম

মহানবমীতে সম্প্রীতির বার্তা নিয়ে তিন বিভাগে প্রধানমন্ত্রী

ছবি-সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের মহানবীতে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এক দিনে তিন বিভাগ সফরে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূজারি ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

  • মহানবমীতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তারেক রহমান। পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর রাতে ঢাকায় ফিরবেন তিনি।

প্রেস সচিব জানান, মহানবমীতে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সফর শেষে একই দিন রাতে ঢাকায় ফিরবেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের নীতি হচ্ছে—‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। এবার পূজার বরাদ্দ ও ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ ছাড়া রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।

সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। দুপুর ১টা ১৫ মিনিটে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন।

বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন