বরগুনা থেকে ১০ যাত্রী নিয়ে যাত্রা শুরু, বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪
বরগুনা সংবাদদাতা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি-সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল নাইস পরিবহনের বাসটি বরগুনা থেকে ১০ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। পথে নাটোরের বড়াইগ্রামে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটির চালক ও হেলপারসহ এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। বরগুনা থেকে ওঠা দুই যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া ওই বাসে থাকা এক নারী যাত্রীর খোঁজ এখনো পাওয়া যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৪টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বরগুনা থেকে বাসে ওঠা কোনো যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ওই বাসের দুই যাত্রী গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন বরগুনায় কর্মরত কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার একেএম ফজলুল হক এবং গ্রামীণ ব্যাংকের সেকেন্ড অফিসার মো. জুলফিকার। এ ছাড়া বরগুনা থেকে বাসে ওঠা এক নারী যাত্রীর এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে বরগুনা পৌর বাস টার্মিনাল থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বাসটি। এ সময় বরগুনা থেকে ১০ জন যাত্রী বাসে ওঠেন। পরে বরিশাল থেকে একজন, সুবিদখালী থেকে তিনজন এবং ফরিদপুরের ভাঙ্গা থেকে আরও তিনজন যাত্রী বাসে ওঠেন। তবে তাঁদের বেশিরভাগই মাগুরা, ফরিদপুর ও কুষ্টিয়ায় নেমে যান।
মঙ্গলবার ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে তাঁদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ফজলুল হকের স্ত্রী মোসা. লাভলী ফোনে জাগো নিউজকে জানান, তাঁর স্বামী বরগুনা থেকে রাজশাহীর উদ্দেশে বাসে উঠেছিলেন। দুর্ঘটনায় তাঁর মাথায় আঘাত লেগেছে এবং চোখের অবস্থাও ভালো নয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা তাঁকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন।
বাস দুর্ঘটনায় আহত বরগুনার আরেক যাত্রী জুলফিকারের মেয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমাদের বাসা নাটোরে। বাবা বাস দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনি কথা বলতে পারছেন। চিকিৎসকেরা তাঁকে সিটি স্ক্যান করতে বলেছেন। আমরা তাঁকে সিটি স্ক্যান করানোর জন্য নিয়ে যাচ্ছি।’
আরপি স্পেশাল নাইস পরিবহনের বরগুনা কাউন্টারের ইনচার্জ সুব্রত জাগো নিউজকে বলেন, ‘বাসটি কিছুদিন আগে বরগুনা থেকে সরাসরি চাঁপাইনবাবগঞ্জে চলাচল শুরু করে। সোমবার বিকেল ৪টার দিকে বাসটি বরগুনা থেকে ছেড়ে যায়। এরপর একটি বালুর ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে জেনেছি।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বাসের চালক ও হেলপার নিহত হলেও বরগুনা থেকে যাওয়া কোনো যাত্রীর নিহত হওয়ার খবর পাইনি। তবে বাসে থাকা বরগুনার দুই যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জেনেছি।’

