সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি-সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের উজো বাজার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে অবরোধ চলাকালে এ গোলাগুলির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গোলাগুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সাজেক থেকে ফেরার পথে প্রায় দুই হাজার পর্যটক উজো বাজার এলাকায় আটকা পড়েন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পাহারায় পর্যটকেরা সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। তবে আঞ্চলিক দুটি সংগঠনের ডাকা অবরোধের কারণে সকাল সাড়ে ৯টার দিকে উজো বাজার এলাকায় তাঁদের গাড়িবহর আটকে যায়। অবরোধকারীরা সড়কে অবস্থান নেওয়ায় পর্যটকেরা সেখান থেকে এগোতে পারছিলেন না।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিপেটা করলে অবরোধকারীরা সড়ক থেকে সরে যান। এরপর বেলা ১১টার দিকে পর্যটকদের গাড়িবহর উজো বাজার এলাকা ছেড়ে যায়।
পুলিশ জানায়, পর্যটকদের গাড়িবহর এলাকা ছাড়ার পর বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি শুরু হয়।
এর আগে বুধবার সাজেকের সড়কে তৃতীয় দফায় অবরোধের ঘোষণা দেয় সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামের দুটি সংগঠন। সংগঠন দুটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ কর্মসূচি চলবে।
এদিকে নিরাপত্তাজনিত কারণে সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে সাজেক পর্যটনকেন্দ্র।

